চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই ভাই-বোনের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা ভারী বর্ষণের মধ্যে পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় চাচাতো-জেঠাতো দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে রুমি আক্তার (১৫) এবং একই গ্রামের আবদুল মজিদের ছেলে মোহাম্মদ তৌসিফ (১০)। রুমি বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং তৌসিফ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে তাদের বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে রুমি ও তৌসিফ। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের বাইরে নিয়ে এলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, টানা দুই দিনের ভারী বর্ষণে ইউনিয়নের অনেক গ্রাম পানিতে তলিয়ে গেছে। এর মধ্যেই পাহাড়ধসে দুই জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, টানা বর্ষণের কারণে চকরিয়াসহ কক্সবাজার জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় নতুন করে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জোবাইরুল/এমকেএন

Scroll to Top