টানা বৃষ্টিতে লামায় পাহাড় ধস, ৪ বছরের শিশুসহ নিহত ৫

বান্দরবান প্রতিনিধি: টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ৪ বছরের এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান। পরে ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন—আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের চার বছরের ছেলে মো. সোলেমান।

অপর পরিবারের নিহত দুজন হলেন মো. আলী হায়দারের ছেলে মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। তাদের বাড়ি চট্টগ্রামের হালিশহরের রামপুরা এলাকায়। তারা আজিজনগরের মিশনপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বলেন, পাহাড় ধসে একই পরিবারের তিনজন এবং অপর পরিবারের দুজন নিহত হয়েছেন। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ধসে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top