ফটিকছড়ি ভেঙে গঠিত হলো নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে বুধবার (৮ জুলাই)।

মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে।

নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের অফিসের সেটআপ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, থানা, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা প্রকৌশল অফিসসহ প্রয়োজনীয় জনবল কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন উপজেলা গঠনের ফলে ওই এলাকার বাসিন্দারা প্রশাসনিক ও সরকারি সেবা আরও সহজে ও দ্রুত পাবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী সিপন বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের সিদ্ধান্তে আমরা ভূজপুরবাসী অত্যন্ত আনন্দিত। এ যুগান্তকারী সিদ্ধান্তের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে নতুন উপজেলা বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, নতুন উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা আরও সহজ হবে এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top