উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদ্রাসার ৫ শিক্ষার্থী নিহত, আহত ৮

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টির মধ্যে পাহাড় ধসে একটি মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৮ জন আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) বিকেলের দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক এ-৫ এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা সবাই খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের বয়স আনুমানিক ৭ থেকে ১০ বছরের মধ্যে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।’

ক্যাম্পের হেড মাঝি আব্দুল হামিদ জানান, গত সোমবার সকাল থেকে এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই ক্যাম্প-৫ এর একটি সাব-ব্লকে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একটি মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ে। পরে স্থানীয় রোহিঙ্গারা উদ্ধার কাজে অংশ নেন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, পাহাড় ধসে আটকা পড়া মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে। অভিযান শেষ হলে ক্ষয়ক্ষতি ও বিস্তারিত তথ্য জানানো হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, পাহাড়ধসের খবর পাওয়ার পরপরই প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান ও পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পরে জানানো হবে।

এর আগে টানা বৃষ্টিতে গত সোমবারও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জনের মৃত্যু হয়। সংশ্লিষ্টরা ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরতদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top