চশমাহিলে মাটিচাপায় প্রাণ গেল ১২ বছরের এক শিশুর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন চশমাহিল এলাকায় পাহাড়ধসে মাটিচাপায় সুমাইয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর সোয়া ১টার দিকে মাটিচাপা অবস্থায় সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪-এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, পাহাড়ধসের সময় সুমাইয়ার বাবা-মা ঘর থেকে বের হয়ে নিরাপদে যেতে সক্ষম হলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ নিয়ে গত দুই দিনে চট্টগ্রামে পাহাড়ধসে মোট চারজনের মৃত্যু হলো। এর মধ্যে মঙ্গলবার সকালে নগরীর রহমাননগর এলাকায় এক যুবক, একই দিন বিকেলে রাঙ্গুনিয়া উপজেলায় এক নারী এবং বুধবার সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। সর্বশেষ চশমা পাহাড় এলাকায় সুমাইয়ার মৃত্যুর ঘটনা ঘটল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top