রাউন্ড অব সিক্সটিনের বাধা টপকাতে কিছুক্ষণ পরে মাঠে নামছে আর্জেন্টিনা
ফুটবল বিশ্বকাপ ২০২৬

ক্রীড়া ডেস্ক: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিদায়ের পর ২০২৬ বিশ্বকাপে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব সিক্সটিনের বাধা টপকাতে তাই কিছুক্ষণ পরেই মাঠে নামছে দলটি।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টায় শেষ ষোলোয় মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার বিপক্ষে।

কাগজে-কলমে ফেবারিট হলেও আর্জেন্টিনা আত্মতুষ্টিতে ভুগছে না। শেষ ৩২-এর ম্যাচে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারাতে হয়েছে তাদের। সেই ম্যাচের পর আর্জেন্টিনা শিবির থেকে বারবার বলা হচ্ছে, এই বিশ্বকাপে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই।

মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেছেন, বর্তমান আন্তর্জাতিক ফুটবলে যে কেউ যে কাউকে হারাতে পারে। ব্রাজিলের বিদায়ও সেটিরই প্রমাণ। তার ভাষায়, প্রতিটি দলই এখন ভালোভাবে প্রস্তুত হয়ে মাঠে নামে।

ডিফেন্ডার নাহুয়েল মোলিনা মনে করেন, মিশর কঠিন প্রতিপক্ষ হবে। প্রতিটি দলই নিজেদের দেশের জন্য সর্বোচ্চটা দিতে চায়। তাই নিজেদের সেরাটা খেলেই জয় নিশ্চিত করতে হবে।

অন্যদিকে মিশরও আত্মবিশ্বাসী। শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ পুরো টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে দলকে অনুপ্রাণিত করছেন। তার নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিশর।

দুই দলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের সময়ও খুব কম ছিল। অতিরিক্ত সময় খেলার ধকল সামলে দুই দলই এখন শেষ আটে ওঠার লড়াইয়ে নামছে। আর্জেন্টিনা শিবিরে ক্লান্তির বিষয়টি আলোচনায় থাকলেও কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এবারের বিশ্বকাপে কোনো দলই স্পষ্ট ফেবারিট নয়। কঠিন পরিস্থিতিতে লড়াই করার মানসিকতাই পার্থক্য গড়ে দিচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top