দেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন।

আজ শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে মোট ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top