কর্ণফুলীতে দ্বিতীয় স্ত্রীর ঘরে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে মো. জাবেদ (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে পরিবারের একাংশ সন্দেহ প্রকাশ করলেও পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মো. জাবেদ শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা হাসেমের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. নাজেমের ছেলে।

পুলিশ জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে বড় স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

জানা গেছে, নিহতের দুই স্ত্রী। তিনি উভয়ের সঙ্গেই সংসার করলেও ঘটনার রাতে ছোট স্ত্রী রিনা আক্তারের সঙ্গে অবস্থান করছিলেন। বড় স্ত্রী, ভাই-বোন ও স্বজনরা এ মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top