রাখাইনে আবারও বিস্ফোরণ, টেকনাফের স্থানীয়দের মধ্যে আতঙ্ক

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও দফায় দফায় বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসায় টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় চলমান সংঘর্ষের সময় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব বিস্ফোরণের অভিঘাতে সীমান্তঘেঁষা কয়েকটি এলাকায় বাড়িঘর পর্যন্ত কেঁপে ওঠে। দুপুর পর্যন্ত অন্তত সাতটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা।

হোয়াইক্যং এলাকার বাসিন্দারা জানান, প্রায় এক বছর আগে একই সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের সময় দীর্ঘদিন আতঙ্কে থাকতে হয়েছিল। নতুন করে সীমান্তের ওপারে সংঘর্ষ শুরু হওয়ায় সেই শঙ্কা আবারও ফিরে এসেছে।

হ্নীলা ইউনিয়নের এক জেলে জানান, নাফ নদীতে মাছ ধরার সময় রাখাইন সীমান্ত থেকে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনে নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি দ্রুত তীরে ফিরে আসেন। একই কারণে অনেক জেলেই নদী ছেড়ে ফিরে এসেছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার (১ জুলাই) মিয়ানমারের মংডু এলাকায় বিমান হামলার খবরও পাওয়া যায়, যা সীমান্ত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এদিকে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, সীমান্তের ওপারে বিস্ফোরণের ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top