চাটগাঁ নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৬ আগস্ট মামলার ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপনের জন্য দিন ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) ট্রাইব্যুনাল-২ এর চেয়াম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি হলেন, মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে ২৯ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে আদেশের জন্য দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।
আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান ও আবদুল কাইয়ুম। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম শুনানি করেন।
অভিযোগ গঠনের আগে কাঠগড়ায় উপস্থিত আসামিদের জিজ্ঞাসা করা হয়, ‘আপনারা দোষী না নির্দোষ’। তারা আদালতে বলেন ‘আমরা নির্দোষ’।
শুনানিতে আসামিপক্ষের দাবি, এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান নেই এবং তদন্তও যথাযথভাবে সম্পন্ন হয়নি। অন্যদিকে প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রসিকিউশনের পক্ষে আদালতে বলেন, মামলায় অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক উপাদান বিদ্যমান রয়েছে। তিনি আদালতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।
সূত্র মতে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ এবং সুমন দে।
এ মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামি হলেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু। মামলার সব আসামিই আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কার্যক্রম শেষে গত ২ এপ্রিল তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দেয়। পরে প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করে।
মামলায় আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত এবং মো. ফারুককে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন এবং হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, একই ঘটনাপ্রবাহে শতাধিক মানুষ গুরুতর আহত হন।
চাটগাঁ নিউজ/এসএ





