চাটগাঁ নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনোহরপুর করইতলা বাজার এলাকার কৃতি সন্তান সাজ্জাদুল ইসলাম ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ট্যাক্স ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র কমলনগরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সাজ্জাদুল ইসলাম শৈশব ও কৈশোর কাটিয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী এলাকায়। তিনি চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সফলতার সঙ্গে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সাজ্জাদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মো. নিজাম উদ্দিনের কনিষ্ঠ পুত্র। তিনি মরহুম হাজী ইদ্রিস মিয়া ও মরহুম হাজী মনোহর আলী কন্ট্রাক্টরের নাতি। এছাড়া তিনি দেশের অন্যতম সেবাদানকারী প্ল্যাটফর্ম ‘কাজেরবাড়ি টেকনোলজিস লিমিটেড’-এর পরিচালক নাজমুল ইসলাম অনিকের ছোট ভাই।
এ অর্জনে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং কমলনগর উপজেলার সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষে কাজেরবাড়ি টেকনোলজিস লিমিটেডের পরিচালক নাজমুল ইসলাম অনিক বলেন, আমার ছোট ভাইয়ের এই অর্জন আমাদের পুরো পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমরা বিশ্বাস করি, সে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দেশপ্রেমের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবে এবং দেশের রাজস্ব ব্যবস্থাপনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, সাজ্জাদুল ইসলামের এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, সমগ্র কমলনগর উপজেলার জন্যও গৌরবের। তাঁর এ অর্জন এলাকার তরুণ-তরুণীদের উচ্চশিক্ষা, মেধাভিত্তিক প্রতিযোগিতা এবং বিসিএসসহ সরকারি চাকরিতে নিজেদের যোগ্যতা প্রমাণে নতুন করে অনুপ্রাণিত করবে।
কমলনগরবাসীর প্রত্যাশা, সাজ্জাদুল ইসলাম তাঁর মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





