চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকার রতন ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাউজানের কচুখাইন গ্রামের বাসিন্দা প্রদীপ দাশ এবং পাশের বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার বাসিন্দা সমীরণ দাশ। প্রদীপ ওই বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকুটি পাড়া এলাকায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়িতে কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ দাশ সেপটিক ট্যাংকে কাজ করার জন্য নিচে নামেন। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে সমীরণ দাশ নিচে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হন। একপর্যায়ে দুজনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস রাউজান স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরুতে কেউ কেউ ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করায় উদ্ধারকাজে কিছুটা দেরি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা চালান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় বন্ধ থাকা সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এ দুর্ঘটনার কারণ হতে পারে।
চাটগাঁ নিউজ/জেএইচ





