ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক কেনাবেচার সময় ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাবসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম এবং তার ছেলে ফাহিম।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে মাদক কেনাবেচার সময় হাতেনাতে বাবা-ছেলেকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তারা বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ছাড়া, তাদের বিরুদ্ধে এলাকায় একটি মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে এখনো কোনো রায় হয়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





