চাটগাঁ নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকসেবার সুবিধার্থে সরকার প্রি-পেইড মিটার ব্যবস্থা চালু করলেও, এর অন্যতম মাধ্যম মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ এখন অনেক গ্রাহকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে এমন অভিযোগ জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। নগরের আতুরার ডিপো এলাকার এক গ্রাহক সিপ্লাস টিভিকে জানান, বিকাশ অ্যাপের মাধ্যমে প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করতে গিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো টোকেন নম্বর পাননি।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হলেও তারা কেবল আশ্বাস দিয়েছেন। দীর্ঘ সময় পার হলেও এখনো কার্যকর কোনো সমাধান পাননি তারা।
অন্যদিকে, বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টিকে বিকাশ অ্যাপের প্রযুক্তিগত সমস্যা বলে দায় এড়িয়ে যায় বলে অভিযোগ করেন গ্রাহকরা।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। মিজানুর রহমান নামে এক ব্যক্তি মন্তব্য করেন, বিকাশের হেল্পলাইনেও কোনো সহায়তা পাওয়া যায় না। সংযোগ সবসময় ব্যস্ত থাকে।
রিপন হায়দার নামে আরেক মন্তব্যকারী বলেন, এ ধরনের সংকট চলতে থাকলে মানুষের বিকাশের প্রতি আস্থা কমে যাবে। ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা আগেই কমেছে, এখন বিকাশ থেকেও আস্থা উঠে যেতে পারে।
সোহেল ফরিদ নামে আরেকজন মন্তব্য করেন, একবার টাকা রিচার্জ করো, তারপর মিটারের সঙ্গে যুদ্ধ করো! কেন এটিকে মোবাইল রিচার্জের মতো সহজ করা হচ্ছে না?
বিস্তারিত দেখতে ক্লিক করুর সিপ্লাস টিভির ভিডিও লিংকে………………………
চাটগাঁ নিউজ/এমকেএন





