স্পোর্টস ডেস্ক: ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে উঠেছে সেলেসাওরা। অন্য ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে মরক্কো। তবে হেরে গেলেও তৃতীয় সেরা দল হিসেবে নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে স্কটল্যান্ড।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। বর্তমান সমীকরণ অনুযায়ী, সেই দল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জাপানের। অন্যদিকে মরক্কো খেলবে ‘এফ’ গ্রুপের শীর্ষ দলের বিপক্ষে, যেখানে সবচেয়ে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের আগে আলোচনায় থাকলেও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে প্রথম একাদশে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। তবে বিরতির পর তাকে মাঠে নামানো হয়।
ম্যাচের সপ্তম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের ডিফেন্ডার ম্যাককেনার ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে সহজেই বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভিনিসিয়ুস। স্কটল্যান্ডের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে পেছনের পোস্টে ভেসে আসা একটি ক্রস হেড করে জালে পাঠান তিনি। গোলটির সময় গোলরক্ষক অ্যাঙ্গাস গান ও ডিফেন্ডার নাথান প্যাটারসনের অবস্থান ছিল হতাশাজনক।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। দুর্দান্ত ট্যাকলে বলের দখল নিয়ে সামনে এগিয়ে যান ব্রুনো গিমারাইস। পরে নিখুঁত পাস বাড়িয়ে দেন মাতেউস কুনিয়ার দিকে। সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দলের তৃতীয় গোলটি করেন কুনিয়া।
ম্যাচে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





