রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসন ও পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে অর্থদণ্ডের পাশাপাশি ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—লালানগর এলাকার মো. রাশেদ ও ওবায়দুল ইসলাম, কোদালা চা-বাগান এলাকার মোহাম্মদ আলী এবং শান্তিনিকেতন এলাকার এস এম সায়মুন হক।
এদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে শিলক মিনাগাজীর টিলা এলাকা থেকে আব্দুল মান্নান এবং পাকিয়ারটিলা এলাকা থেকে জয়নাল আবেদীন নামে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। সাজা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





