মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরোক বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদসহ সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) কুতুবজোম ইউনিয়নের বুজুরোক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে সোনা মিয়ার ছেলে সেলিম মিয়াকে চোলাই মদসহ নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন বলেও স্বীকার করেছেন বলে জানা যায়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অপরাধের দায়ে সেলিম মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে কুতুবজোমে মাদকবিরোধী অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, মাদকাসক্তির নেতিবাচক প্রভাব ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও পড়তে পারে।
তারা মাদক নিয়ন্ত্রণে মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী ও বিক্রয়কেন্দ্র চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসন ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন





