চাটগাঁ নিউজ ডেস্ক: ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের উদ্যোগে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’।
মঙ্গলবার (২২ জুন) অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বকাপে আমিই সেরা’। এতে ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী ছয়টি দলকে প্রতিনিধিত্ব করে বিতর্কে অংশগ্রহণ করেন।
বিতর্ক পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি কাহুট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে। পরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়াইব। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউ আউটরিচ কমিটির কনভেনার ড. ইমন কল্যাণ, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মিস লিমা এবং এনডিএফ বিডির কো-চেয়ারম্যান জুয়েল চৌধুরী।
বক্তারা বলেন, বিতর্কচর্চা তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বগুণ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নতুন প্রজন্মকে যুক্তিনির্ভর, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, বিতার্কিক ও সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






