খাগড়াছড়িতে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ইউপিডিএফ সদস্যের

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) এর দুই সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সকালে সংঘটিত এসব ঘটনায় একজন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এবং অপরজন প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠনের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙা উপজেলার তৈকাথান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইউপিডিএফ সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ববিন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হন।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, অভিযানের সময় মংসানু মারমা নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে একই দিন সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সুজন চাকমা নামে ইউপিডিএফের এক সদস্য নিহত হন বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী।

তবে পুলিশের বর্ণনা প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ। সংগঠনটির সংগঠক অংগ্য মারমা দাবি করেন, উভয় ঘটনাই পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এগুলোকে গোলাগুলি বা বন্দুকযুদ্ধ হিসেবে প্রচার করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top