চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কয়লা, সয়াবিন ও সরিষা দানা পাচারের সময় দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের চোরাইকৃত মালামাল এবং পাচারকাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানার ১৪ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে এক টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা এবং ২০০ কেজি সয়াবিন দানা। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, জব্দকৃত মালামাল, ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






