চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার হাজীরপুল ফেদা পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। উদ্ধার হওয়া অস্ত্রটি জার্মান প্রযুক্তির ‘এইচকেজিথ্রি (HK G3)’ রাইফেল বলে জানিয়েছে বাহিনীটি।
বুধবার (২৪ জুন) ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে রাইফেলটি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি বিদেশি অস্ত্র পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানের সময় জলিলের সীমানা প্রাচীরঘেরা একটি ফাঁকা স্থান থেকে বাট ও ম্যাগাজিনবিহীন, তবে ট্রিগারসংবলিত রাইফেলটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কে বা কারা কী উদ্দেশ্যে অস্ত্রটি সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





