চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার মাঠে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার (২০ জুন) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুখছড়িকুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
পরে প্রত্যক্ষদর্শীরা আহত কিশোরকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত কিশোরের দাবি, একটি মেয়েকে কেন্দ্র করে স্কুলে অভিযুক্ত কিশোরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন তারা ফুটবল খেলতে সুখছড়ি স্কুলের ফুটবল মাঠে গেলে অভিযুক্ত দৌড়ে এসে ছুরি দিয়ে আঘাত করে। আত্মরক্ষার চেষ্টা করলে ছুরির আঘাত তার মুখে লাগে।
অভিযুক্ত কিশোর বলেন, স্কুলে কয়েকজন আমাকে হুমকি দিয়েছিল। তাই খেলার মাঠে পূর্বপরিকল্পিতভাবে একটি কাটার নিয়ে যাই। একজনকে লক্ষ্য করে আঘাত করতে গেলে আরেকজনের মুখে আঘাত লাগে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিমলি দে বলেন, বেলা ১২টার দিকে মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত এক কিশোরকে হাসপাতালে আনা হয়। তার মুখে প্রায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ছুরিকাঘাতে এক কিশোর আহত হওয়ার খবর পেয়েছি। পরে উভয় পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেছে। যেহেতু তারা কিশোর এবং নিজেদের দোষ স্বীকার করেছে তাই তাদের নাম গণমাধ্যমে বলে দিয়ে সংশোধন হওয়ার পথ রুদ্ধ করতে চাচ্ছি না।
তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ





