লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠে জমে থাকা পানিতে ডুবে মো. আকসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকসান একই এলাকার সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মোরশেদ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকসান তার সমবয়সী আরও চার বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলতে যায়। মাঠের একপাশে গোড়ালিসমপরিমাণ পানি জমে ছিল। খেলার একপর্যায়ে তিন বন্ধু বাড়ি ফিরে গেলেও আকসান সেখানে একাই থেকে যায়।

পরবর্তীতে বেলা দেড়টার দিকে এক পথচারী মাঠের পানিতে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top