সিএমপিতে ডিসি আমিরুলসহ পাঁচ শীর্ষ কর্মকর্তার পদে রদবদল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনার ও ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। যেখানে ডিসি আমিরুলকে বদলিসহ তিন উপ-পুলিশ কমিশনারকে নতুনভাবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরীকে ট্রাফিক বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়াকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক আরেক আদেশে সিএমপির উত্তর জোনের ডিসি আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও দুই উপ-পুলিশ কমিশনারের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

যেখানে সিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হিসেবে পদায়ন করা হয়েছে। একইসাথে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) হিসেবে কর্মরত মো. হাসান মোস্তফা স্বপনকে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) পদে পদায়ন করা হয়েছে।

পুলিশ কমিশনারের স্বাক্ষরিত আদেশে আরো উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ পদায়ন ও বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিএমপির প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বয় বৃদ্ধি এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রমে গতিশীলতা আনয়নের অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সিএমপিতে একাধিক পর্যায়ে ওসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনারদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে, যা চলমান প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ বলে সিএমপি সূত্রে জানা গেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top