রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল বশর ওই এলাকার সৈয়দ বাড়ির মরহুম আহমদ হোসেনের চতুর্থ ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দিঘীরপাড়া এলাকার বাসিন্দা আবদুলের একতলা ভবনের ছাদে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন নুরুল বশর। কাজ করার একপর্যায়ে হঠাৎ পা পিছলে তিনি ছাদ থেকে নিচে শক্ত মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





