ফৌজদারহাটে লরির চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ গ্রামীণ সাঙ্গু রোডে পণ্যবাহী লরির চাপায় ৭ বছর বয়সী আনাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আনাস ওই এলাকার তেল নুরের বাড়ির অস্থায়ী ভাড়াটিয়া মো. আনোয়ারের ছেলে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজের মালিকানাধীন সাঙ্গু রোডে একটি ১৮ চাকার লরি চলাচলের সময় শিশু আনাসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও লরিটি আটক করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লরির চাকায় শিশুটি চাপা পড়ার একটি সিসি ক্যামেরার ভিডিও ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, ফৌজদারহাট ক্যাডেট কলেজের মালিকানাধীন রাস্তাটি কিং স্টিল শিপ ব্রেকিং, এনবি স্টিল এবং বিএসআরএম কর্তৃপক্ষ বার্ষিক ইজারা নিয়ে ব্যবহার করে আসছে। তবে গত কয়েক বছরে আরও ৮-১০টি প্রতিষ্ঠানের গাড়িও ওই সড়ক ব্যবহার করছে। এতে প্রতিদিনই সড়কে পণ্যবাহী গাড়ির চরম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

লিজ গ্রহীতা কিং স্টিল শিপ ব্রেকিংয়ের ম্যানেজার মো. লোকমান হোসেন বলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে তারা এবং বিএসআরএম যৌথভাবে সড়কটি লিজ নিয়ে যানবাহন চলাচল করাচ্ছে। তবে তাদের গাড়ি কখনোই সড়ক দখল করে থাকে না, শুধু আসা-যাওয়া করে। অন্যদিকে বিভিন্ন ডিপোর অসংখ্য গাড়ি সড়কে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি ক্যাডেট কলেজ কর্তৃপক্ষকে জানালে মাঝে মাঝে মিলিটারি পুলিশ এসে সেগুলো সরিয়ে দেয়, পরে আবারও দখল হয়ে যায়।

তিনি আরও বলেন, পণ্যবাহী এসব গাড়ির বিশৃঙ্খলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ ত্রিপুরা জানান, লরির চাকায় পিষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে শুনে ঘটনাস্থলে যাওয়া হয়। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top