সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ছেনী বাবলুসহ ২ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপ থানার পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন শফি মেম্বারের ছেলে মিলাদ হোসেন বাবলু ওরফে ‘ছেনি বাবলু’ (৩৫) এবং মো. জুয়েল রানা (৩৬), যিনি মৃত আবুল কাশেমের ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, শুক্রবার রাতে সন্দ্বীপ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩টি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ, একটি ছেনি, একটি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১ হাজার ২২০ টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে প্রায় ২০টি মামলা রয়েছে।

অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top