চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়া রোবেয়া বেগম (৬৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রোবেয়া বেগম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী এলাকার নুরা মাঝির বাড়ির বাসিন্দা সুলতান আহমদের স্ত্রী।
নিহতের ছেলে মো. সাইফুদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা রোবেয়া বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





