ফটিকছড়িতে চান্দেরগাড়ি-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল নারীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে চান্দেরগাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পারভিন আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে নানুপুরের সুলতানিয়া রাইস মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভিন আক্তার নানুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়ালিয়া হাট এলাকার বাসিন্দা এবং ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার আবদুস সালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফেরা দুই ভাইয়ের সঙ্গে দেখা করতে অটোরিকশাযোগে রওনা হয়েছিলেন পারভিন আক্তার। পথে সুলতানিয়া রাইস মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধানবোঝাই একটি ট্রাককে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই চান্দেরগাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পারভিন আক্তারের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই ছেলে, এক মেয়ে এবং কয়েকজন নাতি-নাতনি রেখে গেছেন।

স্বজনদের ভাষ্য, প্রবাস থেকে ফেরা ভাইদের সঙ্গে দেখা করার আনন্দ নিয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন পারভিন আক্তার। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত তার জীবনের শেষ যাত্রায় পরিণত হয়।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ হয়ে ওঠে ভারী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top