চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবান সদর হাসপাতালের একটি ভবনে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সদর হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন ওই দুই শ্রমিক। কাজ করার সময় একটি লোহার অ্যাঙ্গেল ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মূল তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





