রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুল (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার সাইফুল রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়ার বাসিন্দা এবং মো. ছাবেরের ছেলে।

র‌্যাব-৭ সূত্র জানায়, বুধবার (১০ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি সাইফুলকে আটক করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২৪ মে বিকেলে ভুক্তভোগী তরুণী বাড়ির কাছাকাছি একটি স্থান থেকে পরিবারের ছাগল আনতে গেলে অভিযুক্ত বাদশা মিয়া তাকে জোরপূর্বক একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে তার ডাকে আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে তরুণীকে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া তরুণী কয়েকদিন পর মায়ের কাছে পুরো বিষয়টি প্রকাশ করেন। পরে ৩০ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পলাতক আসামির অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top