জনকল্যাণকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখেই বাজেটের বিভিন্ন খাত নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপন করা হচ্ছে। ফলে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনাকে গুরুত্ব দিয়েই বাজেট প্রস্তুত করা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমিত সম্পদের মধ্যেও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে। অতীতের নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে দেশকে স্থিতিশীল ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। নতুন বাজেটে সেই প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

তিনি আরও বলেন, বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের সব নাগরিককে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা। অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রীর ভাষ্য, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবাইকে সঙ্গে নিয়ে বাজেট বাস্তবায়নে সরকার কাজ করবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top