বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার ওয়েল গ্রুপের সিইও 

চাটগাঁ নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও এবং বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সৈয়দ নুরুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলন দমনে পরিকল্পনা, অর্থায়ন ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।

উক্ত অভিযোগের ভিত্তিতে সোমবার (৮ জুন) রাত ৯টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। পরে তাকে আদালতে তোলা  হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত সৈয়দ নুরুল ইসলাম চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা এবং সাবেক মোহরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলন দমনে পরিকল্পনা, অর্থায়ন ও সহায়তার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন। ওই ঘটনার ধারাবাহিকতায় ভাটারা এলাকায় সংঘটিত সহিংসতায় মাদ্রাসাশিক্ষার্থী নাজিম উদ্দিন নিহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী ওবায়েদুল কাদেরসহ আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদেরও আসামি করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top