চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে অধ্যাপক মো. আল-আমিন এবং উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে অধ্যাপক মো. শফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে যুক্ত।
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে অধ্যাপক মো. আল-আমিন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের শিক্ষক। তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং শিক্ষক ফোরামের নির্বাহী সদস্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক মো. আল-আমিনকে উপ-উপাচার্য (একাডেমিক) এবং অধ্যাপক মো. শফিকুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
চাটগাঁ নিউজ/এসএ





