ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানিকপুর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় বাসিন্দা শফির নবনির্মিত ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন বিজয় চন্দ্র দে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিজয় চন্দ্র দে ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকার সুনীল ডাক্তার বাড়ির সুমন চন্দ্র দে’র ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থাই অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজয় চন্দ্র দে’র আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





