চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।
আহতরা হলেন আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে কেউ গুরুতর নন বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানান। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আপত্তি জানান আর্জেন্টিনা সমর্থকেরা এবং ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি তোলেন। তবে ব্যানার অপসারণ না করায় রোববার দিবাগত রাতে সেটি নামিয়ে ফেলেন তারা।
এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন।
পরে রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছায়। ভবিষ্যতে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আশ্বাসও দেন সমর্থকেরা।
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী জানান, মেসির আপত্তিকর ছবি ব্যবহারের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ব্যানারকে কেন্দ্র করে হাতাহাতির খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। স্থানীয়ভাবেই বিষয়টির নিষ্পত্তি হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






