চাটগাঁ নিউজ ডেস্ক : হাটহাজারীতে পাহাড় বা টিলা কাটার দায়ে ১৪ জনের বিরুদ্ধে ১ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে গত ২৮ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরিদর্শনে পাহাড় কর্তনের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ১৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরে মঙ্গলবার তাদের উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে পাহাড় কর্তন বা মোচনের দায়ে ১৪ জনের বিরুদ্ধে ১ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। একই সঙ্গে যথাযথ অনুমোদন ছাড়া ভবিষ্যতে কোনো ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কর্তন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, পাহাড় কাটা পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। শুনানি শেষে ১৪ জনের বিরুদ্ধে ১ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের অনুমোদনহীন পাহাড় বা টিলা কর্তন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড় রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ





