চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তূর্য চৌধুরী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা এলাকার রায় মোহন চৌধুরী বাড়ির মৃণাল চৌধুরীর ছেলে।
সোমবার (৮ জুন) দিবাগত রাত প্রায় ১০টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘরের একটি বৈদ্যুতিক সুইচ বোর্ড খুলে গেলে সেটি মেরামতের চেষ্টা করেন তূর্য। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজর্ষী নাগ জানান, রাত ১১টার দিকে তূর্য চৌধুরীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





