বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা প্রবাসী ওমর ফারুক (২৫) হত্যার ঘটনায় লিয়াকত আলী (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখাব উদ্দিন সেলিম ও এসআই নিংওয়াই মারমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লিয়াকত আলী (৩৫) দক্ষিণ রাঙ্গুনিয়া জঙ্গল সরফভাটা এলাকার মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃত লিয়াকত আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






