চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন ওরফে খোকনকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৬ জুন) রাতে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এনাম হোসেন ওরফে খোকন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার আক্তার উদ্দিনের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন ওরফে খোকন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাবের যৌথ দল।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






