৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দাবি আদায়ে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, চমেকহা ২০২৫-২৬ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত চিকিৎসকরা।

কর্মসূচিতে বিপুলসংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। এর আগে গত ৪ জুনও একই দাবিতে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৯ মে ২০২৬ তারিখে জারি করা এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের পেশাগত স্বার্থের পরিপন্থী এবং বাস্তবতাবিবর্জিত। তাই ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন নির্দেশনা প্রণয়নের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সময় হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে— মাসিক ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, বেসরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর করে অবৈধ ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ।

তাদের দাবি, চিকিৎসক সমাজের ন্যায্য স্বার্থ রক্ষায় এসব বিষয় দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top