মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের মির্জাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক ওই এলাকার মৃত আবদুল হকের ছেলে। তিনি কর্মজীবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর কর্মচারী ছিলেন এবং অবসর গ্রহণের পর নিজ বাড়িতে বসবাস করতেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ছেলে মোহাম্মদ আলাউদ্দিন জানান, সকালে ঘোরাঘুরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তাঁর বাবা দুর্ঘটনার শিকার হন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান বলেন, নিহতের পরিবারের আবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top