১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

চাটগাঁ নিউজ ডেস্ক: দুই দিনের সরকারি সফরে আগামী ১৪ ও ১৫ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই তিনি জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি পার্কের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করবেন।

পরে পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন তিনি। এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের বিভিন্ন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারে রাতযাপন করবেন। পরদিন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top