চট্টগ্রামে মাথায় সাদা কাপড় বেঁধে মিছিল, লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে মাথায় সাদা কাপড় বেঁধে মিছিল করায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, চার টুকরা সাদা কাপড় এবং ১৩টি ইটের টুকরা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন — হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) এবং কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইরফান (৩২)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। পরে তারা মাথায় সাদা কাপড় বেঁধে মিছিল বের করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন গলি দিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত দুটি বাস ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

পরে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন আমিনুর রশিদ।

চাটগাঁ নিউজ/জেএইচ 

Scroll to Top