নকল সিল ও জাল দলিল তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম আদালত এলাকায় জাল খতিয়ান, দলিল ও সরকারি নথি তৈরির অভিযোগে মো. জাহিদ হোসেন জনি (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের নামে তৈরি ৩২টি নকল সিল এবং খতিয়ানের আট পাতা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়ে মামলা করে।

পুলিশ ও আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আইনজীবী এনেক্স ভবন-১ এর ৭২৫ নম্বর চেম্বারে জাল খতিয়ান, দলিল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি তৈরি করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনসহ সমিতির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ওই চেম্বারে জাহিদ হোসেন জনিকে জাল নথি তৈরির কাজে যুক্ত অবস্থায় আটক করা হয় বলে দাবি করা হয়েছে। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, জাহিদের কাছ থেকে বিভিন্ন সরকারি অফিস ও কর্মকর্তার নামে তৈরি ৩২টি নকল সিল এবং খতিয়ানের আট পাতা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় প্রতারণা, জালিয়াতি ও জাল দলিল ব্যবহারের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top