চার দিনে ফটিকছড়িতে ৮ জনের মৃত্যু, এলাকায় শোক ও উদ্বেগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত চার দিনে হত্যা, সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুসহ পৃথক ঘটনায় অন্তত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কও বাড়ছে।

গত শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন একটি মৎস্য খামারের পুকুর থেকে শিশু মুমতাহিনা এবং খামার মালিক মফিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, পুকুরে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে গিয়ে খামার মালিকও পানিতে ডুবে মারা যান।

এরপর শনিবার সন্ধ্যায় উপজেলার হাজারীখিল এলাকার রাঙাপানি চা-বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক—সীমান্ত দাশ ও জয় মল্লিক—নিহত হন।

একদিন পর সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতলী এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে শাহজাহান ও আরিফের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।

এদিকে একই দিন বিকেলে নয়াবাজার এলাকায় আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত রবিউল ইসলাম নিহত হন।

মাত্র চার দিনের ব্যবধানে ধারাবাহিক এসব প্রাণহানির ঘটনায় ফটিকছড়িজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানিয়েছেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, বাগানবাজারে ফেসবুক ব্লক করাকে কেন্দ্র করে বড় ভাই জাফরের হাতে ছোট ভাই জয়নাল নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিন বাদী হয়ে জাফরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত জাফরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

তিনি আরও জানান, রাঙাপানি চা-বাগান এলাকায় নিহত দুই যুবক বন্যপ্রাণী অভয়ারণ্য দেখতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পুকুরে ডুবে দুইজনের মৃত্যুর ঘটনায় দুটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top