মিরসরাই প্রতিনিধি: কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের অভিযোগে বাবু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
রবিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ।
আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করা হলে ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ নম্বরের গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সেটিকে আটক করে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট থেকে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস করে ইয়াবা ছিল বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। পরে গাড়ির বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/বাবলু/এমকেএন





