বোয়ালখালীতে বসতঘর থেকে ১২ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতঘর থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ি থেকে এ অজগর উদ্ধার করা হয়।

বাড়ির বাসিন্দা মো. আজমের লাকড়ি রাখার ঘরে সাপটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশকে জানালে সংগঠনটির সদস্য আমির হোসাইন শাওন ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন।

উদ্ধারকারী আমির হোসাইন শাওন জানান, খাদ্যের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি।

তিনি আরও জানান, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে নিরাপদে নিকটবর্তী পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হবে।

অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top