টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩০ মে) বিকেল পৌনে ৬টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর কাব্যিক সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, দুই রোহিঙ্গা জেলেকে বহনকারী একটি নৌকা সুলিশপাড়া বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে তিন সদস্যের একটি রোহিঙ্গা ডাকাতদল অন্য একটি নৌকায় এসে তাদের ধাওয়া করে এবং স্লুইসগেটের কাছে নৌকা থামানোর নির্দেশ দেয়।
জেলেরা নির্দেশ অমান্য করে নৌকা চালিয়ে যেতে থাকলে ডাকাতদল তাদের লক্ষ্য করে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে দুই জেলে নৌকা থেকে নাফ নদীতে ঝাঁপিয়ে পড়েন।
এদিকে গুলির শব্দ শুনে হ্নীলা বিওপির বিজিবির একটি নিয়মিত টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের নৌকাটি বেড়িবাঁধ থেকে প্রায় ২০০ মিটার দূরে নদীর অভ্যন্তরে সরে যায়। এ সময় বিজিবি সদস্যরা পানিতে ভাসমান অবস্থায় থাকা দুই রোহিঙ্গা জেলেকে উদ্ধার করে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জমির হোসেনের ছেলে ইমাম হোসেন এবং জোহাত ক্যাম্পের মো. আলীর ছেলে মো. নুরুল আমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





