বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইসক্রিম ফ্যাক্টরি রোড এলাকার আসকর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন ওই এলাকার মৃত বজল করিমের ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং তার এক বছর বয়সী একটি সন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতের ভাই মো. ইমন হোসেন জানান, ইমরান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দেন তিনি। এ সময় ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইমরানকে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা টিনের বেড়া কেটে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





